Ticker

6/recent/ticker-posts

রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদে ওয়াকআউট: তিন কারণ জানালেন শফিকুর রহমান

রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদে ওয়াকআউট: তিন কারণ জানালেন শফিকুর রহমান


ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের সময় বিরোধীদলীয় সংসদ সদস্যদের ওয়াকআউটের কারণ ব্যাখ্যা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেছেন, তিনটি গুরুতর কারণে বর্তমান রাষ্ট্রপতি ‘নৈতিকভাবে অপরাধী’, তাই তাঁর ভাষণ শোনার মতো পরিস্থিতি বিরোধী দলের কাছে ছিল না।

বৃহস্পতিবার বিকেলে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউটের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমানের অভিযোগ, রাষ্ট্রপতি তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং বিভিন্ন ঘটনায় জনগণের আস্থা হারিয়েছেন।

প্রথম অভিযোগ হিসেবে তিনি বলেন, রাষ্ট্রপতির দায়িত্বকালে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর বিরুদ্ধে তিনি কোনো অবস্থান নেননি। শফিকুর রহমানের ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রের অভিভাবক হিসেবে এসব ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া তাঁর দায়িত্ব ছিল, কিন্তু তিনি তা করেননি।

দ্বিতীয় অভিযোগ তুলে ধরে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি জানিয়েছিলেন যে তৎকালীন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। কিন্তু পরে দুইটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সেই বক্তব্য অস্বীকার করেন। এতে তিনি জাতির সামনে অসত্য বক্তব্য দিয়েছেন বলে দাবি করেন শফিকুর রহমান। তাঁর মতে, একজন রাষ্ট্রপতি মিথ্যাবাদী হিসেবে প্রমাণিত হলে সেই পদে থাকার নৈতিক অধিকার থাকে না।

তৃতীয় অভিযোগ হিসেবে তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর জারি করা একটি অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিরা একই সঙ্গে সংসদ সদস্য এবং সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল। কিন্তু গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করার বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও রাষ্ট্রপতি তা করেননি বলে অভিযোগ করেন তিনি।

শফিকুর রহমান আরও দাবি করেন, এ বিষয়ে অনুষ্ঠিত গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছিলেন। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন না করে রাষ্ট্রপতি জনগণের মতামতকে অবমূল্যায়ন করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

এসব কারণ দেখিয়ে বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণ শোনার জন্য অধিবেশনে অবস্থান করেনি বলে জানান জামায়াত আমির। তিনি বলেন, বর্তমান সংসদ জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের ওপর প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই প্রেক্ষাপটে ‘ফ্যাসিস্ট সরকারের সহযোগী’দের সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ার অনুরোধ জানিয়েছে বিরোধী দল।

Post a Comment

0 Comments

×
×