Ticker

6/recent/ticker-posts

মাইক্রোবাস–নৌবাহিনীর বাসের সংঘর্ষে ৪ শিশুসহ নিহত ১৩, একই পরিবারের ১২ জন

রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মাইক্রোবাস–নৌবাহিনীর বাসের সংঘর্ষে ৪ শিশুসহ নিহত ১৩, একই পরিবারের ১২ জন

রামপাল প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

বাগেরহাটের রামপালে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস ও বাংলাদেশ নৌবাহিনীর একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ১২ জন সদস্য রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার খুলনা–মোংলা মহাসড়কের শ্যাওলাবুনিয়া এলাকায় বেলাই ব্রিজের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বিয়ের অনুষ্ঠান শেষে যাত্রীবাহী মাইক্রোবাসে করে মোংলা উপজেলার শ্যাওলাবুনিয়া এলাকায় ফিরছিলেন কয়েকজন। পথে বিপরীত দিক থেকে আসা বাংলাদেশ নৌবাহিনীর একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন নারীসহ ১৩ জনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে চারজন নারী, পাঁচজন শিশু ও কিশোর এবং চারজন পুরুষ রয়েছেন। নিহত সবাই মোংলা উপজেলার শ্যাওলাবুনিয়া এলাকার বাসিন্দা। তাদের মধ্যে ১২ জনই মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের পরিবারের সদস্য বলে স্থানীয়রা জানিয়েছেন। দুর্ঘটনায় মাইক্রোবাসটির চালকও নিহত হয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ৯ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। বাকি চারজনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে একসঙ্গে এত মানুষের প্রাণহানিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Post a Comment

0 Comments

×
×