খুলনার লবনচরা ও দৌলতপুর থানার ছয়জন পুলিশ কর্মকর্তাকে হঠাৎ করে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনিক সিদ্ধান্তে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে, যা স্থানীয় আইনশৃঙ্খলা মহলে আলোচনার জন্ম দিয়েছে।
বুধবার (১৮ মার্চ) খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার জাহিদুল হাসানের আদেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের বয়রা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন লবনচরা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এমএম জাহাঙ্গীর হোসেন, পুলিশ কনস্টেবল উৎপল হাওলাদার এবং লবনচরা থানার এএসআই খালিদ হাসান। এছাড়া দৌলতপুর থানার এসআই মো. আব্দুল হালিম ও এএসআই মো. জাহাঙ্গীর হোসেনকেও একইভাবে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, প্রশাসনিক নির্দেশনার ভিত্তিতেই তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, প্রশাসনিক কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
হঠাৎ করে একসঙ্গে একাধিক কর্মকর্তাকে প্রত্যাহারের ঘটনায় স্থানীয় পর্যায়ে নানা প্রশ্ন উঠেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি পুলিশ কর্মকর্তারা।
.jpeg)
0 Comments