কয়রা(খুলনা) প্রতিনিধিঃ তৌহিদুর রহমান
বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ভাগবা-হড্ডা সংযোগ ব্রিজে একটি সার ও চুন বহনকারী ভ্যান উল্টে গিয়ে চালক গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহেশ্বরীপুর ইউনিয়নের ভাগবা এলাকায় অবস্থিত রং করা ব্রিজ, যা ভাগবা-হড্ডা সংযোগ ব্রিজ নামে পরিচিত, সেখানে সোমবার এক্সিডেন্টটি ঘটে। এ সময় সার ও চুন বোঝাই একটি ভ্যান ব্রিজ পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
দুর্ঘটনার ফলে ভ্যানের চালক মারাত্মকভাবে আহত হন। ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।
স্থানীয়দের মতে, ব্রিজটির উপর দিয়ে ভারী বা মালবোঝাই যানবাহন চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

0 Comments