পাপিয়া সুলতানা | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
বান্দরবান পার্বত্য জেলায় পাইলট প্রকল্পের আওতায় প্রথম ধাপে ১ হাজার ৯৭টি পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এই কর্মসূচির উদ্বোধন করেন।
মঙ্গলবার (১০ মার্চ) জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উপকারভোগী পরিবারগুলোকে নিয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু করা হয়।
জানা যায়, দেশের ১০টি জেলায় পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই পাইলট প্রকল্পের অংশ হিসেবে বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে প্রথম পর্যায়ে ১ হাজার ৯৭টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
সরকার দেশের প্রান্তিক, হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদারের লক্ষ্যে এই কর্মসূচি চালু করেছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেক কার্ডধারী পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা সরাসরি নগদ সহায়তা অথবা সমমূল্যের টিসিবি পণ্য পাওয়ার সুযোগ পাবে।
উল্লেখ্য, বান্দরবান পার্বত্য জেলায় বাঙালিসহ মোট ১২টি জাতিগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে। তবে এই কর্মসূচিতে কোনো জাতিগোষ্ঠীকে আলাদাভাবে তালিকাভুক্ত করা হয়নি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। এছাড়া জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার আবদুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0 Comments