খুলনা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
খুলনায় বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে সংস্কার সভা বাস্তবায়নের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকারের প্রতি দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে উদ্যোগ না নিলে আগামী ১২ মার্চ সংসদ ভবনের সামনে কর্মসূচি পালন করবে এনসিপি।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির উদ্যোগে আয়োজিত বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের বহু মানুষের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কারের উদ্যোগ দৃশ্যমান নয়। তিনি বলেন, সংসদ নির্বাচনের আগে সংস্কার সভা বা রিফর্ম অ্যাসেম্বিলি গঠনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা এখনো বাস্তবায়নের কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।
তিনি বলেন, সরকারকে এখনো সময় দেওয়া হচ্ছে দ্রুত সংস্কার সভা বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার জন্য। অন্যথায় ১২ মার্চ সংসদ অধিবেশন শুরুর দিনে সংসদ ভবনের সামনে গিয়ে সংস্কারের দাবিতে অবস্থান নেওয়া হবে।
বক্তব্যে তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। সংসদে দুর্নীতি, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং রাজনৈতিক সংস্কারের মাধ্যমে জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে।
খুলনা অঞ্চলের পরিবেশগত বিষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে খুলনার পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। তিনি এ বিষয়ে সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ শোনা যাচ্ছে। এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানান এবং তরুণদের দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

0 Comments