মোংলা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে কুখ্যাত ‘ছোট সুমন’ বাহিনীর এক সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, যা বনাঞ্চলে সক্রিয় দস্যু চক্রের বিরুদ্ধে বড় অগ্রগতি হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (২২ মার্চ) বিকেল ৩টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়ার যৌথ অভিযানে সুন্দরবনের ফেলুর খণ্ড ও বৈদ্যমারী এলাকায় অবস্থানরত ‘ছোট সুমন’ বাহিনীর সদস্য ইয়াছিন সেখ (৪০) আটক হন। তিনি মোংলা থানার বাসিন্দা।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (২৩ মার্চ) মধ্যরাতে মোংলা থানার ধানসিঁড়ির চর খাল সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে একটি একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ এবং চার রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ইয়াছিন সেখ দীর্ঘদিন ধরে ‘ছোট সুমন’ বাহিনীর সঙ্গে জড়িত থেকে ডাকাতি কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহে সহযোগিতা করে আসছিলেন।
কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

0 Comments