বৃষ্টিতে থমকে বাংলাদেশ–পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে, ৩ উইকেটে বিপদে বাংলাদেশ
ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)মিরপুরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে স্বাগতিক বাংলাদেশ। এরই মধ্যে বজ্রসহ বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেছে। ম্যাচ বন্ধ হওয়ার আগে ৩ উইকেটে ২৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
শুক্রবার মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম দুই বলেই সাজঘরে ফেরেন দুই ওপেনার। এরপর আরও একটি উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। খেলা বন্ধ হওয়ার সময় ক্রিজে অপরাজিত ছিলেন লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়।
এর আগে টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলেন পাকিস্তানের ওপেনার সাজ সাদাকাত। অন্য প্রান্তে তাকে সঙ্গ দেন সাহিবজাদা ফারহান।
দুজনের উদ্বোধনী জুটিতে আসে ১০৩ রান। মাত্র ৩১ বলে অর্ধশতক পূর্ণ করেন সাদাকাত। পরে ইনিংসের ১৩তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে আউট হওয়ার আগে ৪৬ বলে ৭৫ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ছয়টি চার ও পাঁচটি ছক্কা।
এরপর ক্রিজে নামেন তরুণ ব্যাটার শামিল হুসাইন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। তার আগে ফারহান ৪৬ বলে ৩১ রান করে আউট হন। শামিল হুসাইন করেন ২২ বলে ৬ রান।
এরপর চতুর্থ উইকেটে দুর্দান্ত জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা। দুজন মিলে ১০৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে পাকিস্তানের বড় সংগ্রহের ভিত তৈরি করেন। বিতর্কিত রানআউট হওয়ার আগে ৬৩ বলে ৬৪ রান করেন সালমান আলি আগা। তার ইনিংসে ছিল সাতটি চার ও একটি ছক্কা। অন্যদিকে রিজওয়ান করেন ৪৪ রান।
শেষ দিকে পাকিস্তানের অন্য ব্যাটাররা বড় কোনো অবদান রাখতে পারেননি। শেষ ছয় ব্যাটারের মধ্যে সর্বোচ্চ ১৪ রান করেন ফাহিম আশরাফ। এছাড়া আব্দুল সামাদ ১১, হুসাইন তালাত ৯, শাহীন শাহ আফ্রিদি ৩, মোহাম্মদ ওয়াসিম ১ এবং হারিস রউফ ২ রান করেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রিশাদ হোসেন। দুটি উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া একটি করে উইকেট পান আরও তিনজন বোলার। বর্তমানে বৃষ্টির কারণে ম্যাচটি বন্ধ রয়েছে এবং খেলা পুনরায় শুরুর অপেক্ষায় আছে দুই দল।

0 Comments