Ticker

6/recent/ticker-posts

ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষ: আহত বিএনপি কর্মীর মৃত্যু, এলাকায় উত্তেজনা


ঝিনাইদহ প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নে জামায়াত ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত বিএনপি কর্মী তরু মিয়া (৪৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তরু মিয়া উপজেলার মাধবপুর গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মাধবপুর গ্রামে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের একটি দোয়া মাহফিল ও ইফতার সামগ্রী বিতরণ সংক্রান্ত আলোচনা সভা চলছিল। এ সময় কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে তরু মিয়াসহ দুই পক্ষের অন্তত আটজন আহত হন। আহতদের দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে তরু মিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, সেখানে তিনি কয়েকবার বমি করেন এবং অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে গান্না ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান আজম বলেন, জামায়াত কর্মীদের অতর্কিত হামলায় তাদের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। তিনি জানান, নিহত তরু মিয়া দীর্ঘদিন প্রবাসে থাকার পর প্রায় পাঁচ মাস আগে দেশে ফেরেন এবং স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত হন।

অন্যদিকে ইউনিয়ন জামায়াতের আমীর মো. জাহাঙ্গীর হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, নারী কর্মীদের শান্তিপূর্ণ দোয়া মাহফিলে বিএনপি কর্মীরা এসে হামলা চালায়। পরে কেন হামলা হয়েছে তা জানতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং এতে তাদের কয়েকজন কর্মীও আহত হন।

এদিকে নিহত তরু মিয়ার মরদেহ ঢাকা থেকে ঝিনাইদহে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন জানান, আহত তরু মিয়ার মৃত্যুর বিষয়টি পুলিশ নিশ্চিত হয়েছে। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশসহ র‍্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


Post a Comment

0 Comments

×
×