Ticker

6/recent/ticker-posts

উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে

ঢাকা ডেস্ক রিপোর্ট | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা–৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। রবিবার (১৫ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছে এবং সেখানে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। তিনি জানান, প্রায় সাড়ে তিন ঘণ্টার বিমানযাত্রা শেষে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছে। পরে তাকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে গ্রহণ করেন।

ডা. রফিকুল ইসলাম আরও বলেন, ভ্রমণকালীন সময়ে তার শারীরিক অবস্থার অবনতি হতে পারে—এমন আশঙ্কা ছিল। তবে যাত্রাপথে তেমন কোনো জটিলতা দেখা যায়নি এবং তিনি স্থিতিশীল অবস্থায় হাসপাতালে পৌঁছেছেন।

এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে অসুস্থ মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস।

গত বুধবার রাতে অসুস্থ হয়ে হঠাৎ জ্ঞান হারালে মির্জা আব্বাসকে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। পরবর্তীতে তার মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার করা হয় এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। পরীক্ষার ফল ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে।

Post a Comment

0 Comments

×
×