ফরিদপুর প্রতিনিধি | (BNN)
ফরিদপুরে ঝড়-বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আজাহার শেখ (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাটি ঘটেছে জেলার দর উপজেলার ডিগ্রির চর ইউনিয়নের আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকায়। নিহত আজাহার শেখ ওই এলাকার মৃত হাতেম শেখের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে হঠাৎ করেই এলাকায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় আজাহার শেখের গরু বাড়ির পাশের একটি ফাঁকা মাঠে বাঁধা ছিল।
আবহাওয়ার প্রতিকূলতা উপেক্ষা করে তিনি গরু আনতে মাঠে যান। গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
.jpeg)
0 Comments