নির্বাচন ও গণভোট সামনে রেখে ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিভিশনকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অনুকূল নির্বাচনি পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারণার ক্ষেত্রে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা সেই পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা রাখে।
নির্বাচন কমিশনের নির্দেশনায় উল্লেখ করা হয়, বাংলাদেশ টেলিভিশনে দলীয় প্রধানদের নির্বাচনি প্রচারের জন্য স্লট বরাদ্দের ক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬-এর উপবিধি (গ) অনুসরণ করতে হবে। লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ, প্রতিটি রাজনৈতিক দলের প্রধানের জন্য স্লট ও স্লটের মেয়াদ নির্ধারণ এবং প্রচারণা রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, যে সকল রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে, তাদের আবেদন পাওয়ার ক্রমানুসারে বক্তব্য প্রদানের সুযোগ দিতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ রয়েছে। তবে কমিশন জানায়, বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত আবেদন না করায় বিএনপির দলীয় প্রধান তারেক রহমানকে তাদের চাহিত ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে বক্তব্য প্রদানের সুযোগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, এবারের জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী, রাজনৈতিক দল ও প্রার্থীরা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন।

0 Comments