ভোট উৎসবমুখর করতে শান্তি ও দায়িত্বশীল আচরণের আহ্বান সিইসির
ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ভাষণে সিইসি বলেন, ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি স্বাভাবিক অংশ। জয়-পরাজয়কে স্বাভাবিকভাবে মেনে নিয়ে সবাইকে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আগামীকাল দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণ করেন। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত আরোগ্য ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য দোয়া করেন।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে সিইসি বলেন, ভোট প্রদান শুধু একটি অধিকার নয়, এটি নাগরিক দায়িত্বও। তিনি আশা প্রকাশ করেন, ভোটাররা সচেতনভাবে তাদের দায়িত্ব পালন করবেন এবং স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হবেন।
রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের উদ্দেশে তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ও যত্নবান হতে হবে। ভিন্নমতকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে গ্রহণ করে জয়-পরাজয়কে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, পর্যবেক্ষক এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে সিইসি বলেন, ব্যক্তিগত কষ্ট-ক্লেশ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে সফল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। যে কোনো অনভিপ্রেত পরিস্থিতি মোকাবেলায় মাঠপর্যায়ের বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাচনি কর্মকর্তা এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার।

0 Comments