Ticker

6/recent/ticker-posts

সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জামায়াত আমির আটক, ব্যাগে ৭৪ লাখ টাকা উদ্ধার

সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জামায়াত আমির আটক, ব্যাগে ৭৪ লাখ টাকা উদ্ধার
নীলফামারী প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

ভোটের আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁর ব্যাগ তল্লাশি করে ৭৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে ঢাকাগামী একটি ফ্লাইটে ওঠার সময় সেনাবাহিনীর সদস্যরা তাঁকে আটক করেন। পরে বিষয়টি জানানো হলে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া শুরু করে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, উদ্ধার হওয়া অর্থের মোট পরিমাণ ৭৪ লাখ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, আটক হওয়ার পর বেলাল উদ্দিন নিজেই দাবি করেন, তাঁর কাছে অর্ধকোটি টাকার বেশি রয়েছে। পরে সবার উপস্থিতিতে টাকা গুনে ৭৪ লাখ টাকা পাওয়া যায়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, বেলাল উদ্দিন প্রধান ঢাকা থেকে একটি ফ্লাইটে সৈয়দপুর পৌঁছান। তাঁর ব্যাগে বিপুল অঙ্কের নগদ অর্থ রয়েছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে ঠাকুরগাঁও জেলা জামায়াতের দপ্তর সম্পাদক আবদুল মান্নান উপস্থিত থাকলেও তাঁকে আটক করা হয়নি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন প্রধান জানান, তিনি ঠাকুরগাঁও সদরের হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় শিক্ষক। তাঁর ভাষ্য অনুযায়ী, ব্যাগে থাকা অর্থ ব্যবসা ও গার্মেন্টস সংক্রান্ত লেনদেনের টাকা।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাজমুল হুদা জানান, বুকে ব্যথা অনুভব করায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অর্থের উৎস ও বহনের উদ্দেশ্য যাচাই করা হচ্ছে। নির্বাচনী পরিবেশে এ ধরনের বিপুল পরিমাণ নগদ অর্থ বহনের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচনা করে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো গুরুত্বসহকারে তদন্ত করছে।

Post a Comment

0 Comments

×
×