ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের প্রার্থীতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেওয়া হয়েছে।
রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রোববার (১১ জানুয়ারি) এই রুল জারি করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা ও তথ্য আদালতে উপস্থাপনের নির্দেশ দেন আদালত।
বিজ্ঞাপন
এর আগে গত ৭ জানুয়ারি জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে বিরত রাখতে চেয়ে দায়ের করা রিটের শুনানি ১১ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন হাইকোর্ট। নির্ধারিত দিনে রিটটির শুনানি পুনরায় শুরু হয়।
ওইদিন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি চলাকালে আদালত ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান, ১০ জানুয়ারি পর্যন্ত যেসব প্রার্থীর প্রার্থীতা বাতিল হয়েছিল, তাদের মধ্যে কেউ আপিল করেছেন কিনা। পাশাপাশি, আপিলের মাধ্যমে কেউ প্রার্থীতা ফিরে পেয়েছেন কিনা—সে তথ্যও আদালতকে জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেওয়া হয়।
এসব তথ্য উপস্থাপনের জন্য রাষ্ট্রপক্ষ সময় চাইলে আদালত শুনানি ১১ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন। পরে নির্ধারিত দিনে শুনানি শেষে হাইকোর্ট রুল জারির আদেশ দেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জিএম কাদের), জাতীয় পার্টির (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদ এবং জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে এ রিটটি দায়ের করা হয়েছিল।

0 Comments