Ticker

6/recent/ticker-posts

জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়
ডেস্ক রিপোর্ট | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল শীর্ষ তিনটি গুরুত্বপূর্ণ পদে জয় লাভ করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) পদে আব্দুল আলিম আরিফ এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মাসুদ রানা বিজয়ী হন। এ পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে, যেখানে তিনটি পদেই শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থেকে জয় নিশ্চিত করে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় দুই দশক পর মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং একটি হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে ছয়টি ওএমআর (অপটিকাল মার্ক রিকগনিশন) মেশিনের মাধ্যমে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। তবে গণনার সময় তথ্যে গড়মিল দেখা দেওয়ায় কিছু সময় গণনা কার্যক্রম স্থগিত থাকে। পরে গভীর রাতে পুনরায় গণনা শুরু করে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। এর মধ্যে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ।

একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবাসিক হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হয়। হল সংসদের মোট ভোটার ছিলেন ১ হাজার ২৪২ জন, যেখানে ভোট পড়েছে প্রায় ৭৭ শতাংশ।

Post a Comment

0 Comments

×
×