দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেভাবে বিএনপির নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, তার প্রেক্ষিতে সরকার দায়িত্বশীল ও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তিনি আশা প্রকাশ করেন, সরকার অবিলম্বে আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর উদ্যোগ নেবে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। রাজনৈতিক হত্যাকাণ্ড ও সহিংসতা বেড়ে গেলেও সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রশিবিরের বিজয় ও জনপ্রিয়তা বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, এটি একটি গবেষণার বিষয়। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে ছাত্রদল বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যক্রম পরিচালনার সুযোগ পায়নি। তবে তিনি জোর দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।

তারেক রহমানের আগমন উপলক্ষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল জানান, এটি তারেক রহমানের একটি ব্যক্তিগত সফর। দীর্ঘদিন পর তিনি নিজ মাতৃভূমিতে ফিরেছেন এবং এই সফরের অংশ হিসেবে দিনাজপুরে তার নানির কবর জিয়ারত করবেন।

তিনি আরও বলেন, সফরকালে তারেক রহমান ঠাকুরগাঁওয়ে জুলাই শহিদদের কবর জিয়ারত করবেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ দলের অন্যান্য নেতাকর্মী এবং আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।