বিশ্বকাপের আগে ঢাকায় সোনালি উন্মাদনা, পৌঁছেছে ফিফা বিশ্বকাপ ট্রফি
ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
ফুটবল বিশ্বকাপের মূল আসর শুরুর আগেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বিশেষ আনন্দের উপলক্ষ। বিশ্বভ্রমণের অংশ হিসেবে ফিফা বিশ্বকাপের সোনালি ট্রফি আজ ঢাকায় পৌঁছেছে, যা ঘিরে রাজধানীতে শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ আয়োজনে ট্রফিটিকে স্বাগত জানানো হয়। এরপর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে দর্শনার্থীদের জন্য ট্রফিটি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
আগামী ১১ জুন মেক্সিকো থেকে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ৩ জানুয়ারি কিংবদন্তি ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরোর হাত ধরে শুরু হয় বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণ। প্রায় ১৫০ দিনের এই সফরে বিশ্বের ৩০টি দেশের ৭৫টি স্থানে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। এই সফরের অংশ হিসেবেই ট্রফিটি এসেছে বাংলাদেশে।
এবারের ট্রফি ট্যুরে বিশেষ অতিথি হিসেবে ঢাকায় উপস্থিত রয়েছেন ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা। এটি চতুর্থবারের মতো ফিফা বিশ্বকাপ ট্রফির বাংলাদেশ সফর। সর্বশেষ ২০২২ সালে ঢাকায় এসেছিল এই ঐতিহাসিক ট্রফি।
বিশেষ বিমানে বিশ্বভ্রমণে বের হওয়া ট্রফিটির সঙ্গে প্রতিবারই ফিফা মনোনীত ফুটবল কিংবদন্তিরা সঙ্গী হন। তবে এই আসল বিশ্বকাপ ট্রফি স্পর্শ করার সুযোগ সবার জন্য উন্মুক্ত নয়। কেবল বিশ্বকাপজয়ী ফুটবলার, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং ফিফা সভাপতিই ট্রফিটি স্পর্শ করতে পারেন।
ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পেতে কোমলপানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোকাকোলার উদ্যোগে ‘আন্ডার দ্য ক্যাপ’ শীর্ষক একটি ক্যাম্পেইন পরিচালিত হয় গত ১৫ নভেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত। এই ক্যাম্পেইনের বিজয়ীরাই নির্দিষ্ট নিয়ম মেনে ট্রফি প্রদর্শনীতে অংশ নিতে পারবেন।
প্রদর্শনী ভেন্যুতে প্রবেশের ক্ষেত্রে দর্শনার্থীদের জন্য বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ৭–১০ ইঞ্চির বেশি আকারের কোনো ব্যাকপ্যাক বহন নিষিদ্ধ করা হয়েছে। ভেন্যুর ভেতরে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। বিজয়ীরা তাদের টিকিট হস্তান্তর বা পুনর্ব্যবহার করতে পারবেন না। পাশাপাশি ধারালো বা নিষিদ্ধ কোনো বস্তু বহন এবং নির্দিষ্ট কোনো দেশের পতাকা নিয়ে প্রবেশেও নিষেধাজ্ঞা রয়েছে।
ফুটবল বিশ্বকাপের আগে ঢাকায় ফিফা বিশ্বকাপ ট্রফির এই আগমন নিঃসন্দেহে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস ও উত্তেজনা সৃষ্টি করেছে।
.jpeg)
0 Comments