মাহমুদুর রহমান মান্না ও শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল
বগুড়া: হলফনামায় তথ্যের অসঙ্গতি ও ফৌজদারি মামলার কারণে বগুড়া-০২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকাল ৪টায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষ ‘করতোয়া’য় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিকুর ইসলাম এ আদেশ দেন।
আদেশে উল্লেখ করা হয়, নাগরিক ঐক্যের সভাপতি ও সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্যের অসঙ্গতি এবং নোটারি পাবলিকের কাগজে স্বাক্ষরের তারিখ নিয়ে গরমিল থাকায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে।
অন্যদিকে, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে জুলাই আন্দোলনের মামলা থাকা এবং তিনি বর্তমানে পলাতক থাকায় তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া একই আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালুর মনোনয়নও বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর ইসলাম জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা এই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।
বগুড়া-০২ (শিবগঞ্জ) আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে বর্তমানে ৩ জনের মনোনয়নপত্র বাতিল ও ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে:
মীর শাহে আলম (বিএনপি), মাওলানা আবুল আজাদ মো. শাহাদাতুজ্জামান (জামায়াতে ইসলামী) ও মো. জামাল উদ্দীন (ইসলামী আন্দোলন)।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

0 Comments