Ticker

6/recent/ticker-posts

বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে তৃতীয় দিনেও নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড়

বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে তৃতীয় দিনেও নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড়
ঢাকা প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে তৃতীয় দিনেও নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। শুক্রবার সকাল থেকে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে কবর জিয়ারতে অংশ নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে নেতাকর্মীরা কবর জিয়ারতে অংশ নেন। ঢাকা, নাটোর, ঝালকাঠি, ফরিদপুরসহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা পৃথক পৃথক ব্যানারে সমাধিস্থলে উপস্থিত হন। বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও স্থানীয় নেতাদের নেতৃত্বে এসব কর্মসূচি পালিত হয়।

বিজ্ঞাপন

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান, নাটোর-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সানজিদা ইসলাম তুলিসহ বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা নিজ নিজ অনুসারীদের নিয়ে কবর জিয়ারত করেন।

একই সঙ্গে সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ পরিবার-পরিজন নিয়ে জনপ্রিয় এই নেত্রীর কবর জিয়ারতে আসতে থাকেন। রাজনৈতিক পরিচয়ের বাইরে বহু মানুষকে সমাধিস্থলে উপস্থিত হতে দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, সকাল সাড়ে ৭টা থেকেই জিয়া উদ্যানে অবস্থিত সমাধিস্থলে মানুষের ভিড় জমতে শুরু করে। তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করেই সাধারণ মানুষ ও নেতাকর্মীরা কবর জিয়ারতে অংশ নেন।

উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইন্তেকাল করেন। পরদিন মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করা হয়।

Post a Comment

0 Comments

×
×