ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফর সম্পূর্ণভাবে ধর্মীয় ও সামাজিক কর্মসূচিকেন্দ্রিক এবং এতে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারি করা নির্বাচনী আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘিত হবে না।
বিএনপি জানিয়েছে, সফরটি নিয়ে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং জেলা ও উপজেলা নির্বাচন অফিসারদের কাছে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। একই সঙ্গে আচরণবিধি মেনে কর্মসূচি পালনের বিষয়ে লিখিত আবেদনও করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সম্ভাব্য কর্মসূচি অনুযায়ী ১১ জানুয়ারি তারেক রহমান ঢাকা থেকে রওয়ানা দিয়ে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় পৌঁছে সেখানে রাত যাপন করবেন। ১২ জানুয়ারি বগুড়া থেকে রংপুরের পীরগঞ্জ হয়ে দিনাজপুর সফর করবেন এবং পরে ঠাকুরগাঁওয়ে রাত যাপন করবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট হয়ে রংপুরে অবস্থান করবেন। সফরের শেষ দিন ১৪ জানুয়ারি রংপুর থেকে সরাসরি বগুড়া হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে।
বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই সফরে তারেক রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও মরহুমা তৈয়বা মজুমদারসহ নিহত জুলাইযোদ্ধা এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। পাশাপাশি আহত জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করারও কথা রয়েছে।
দলীয় নেতারা বলছেন, সফরকালে কোনো রাজনৈতিক সভা, সমাবেশ বা নির্বাচনী প্রচারণামূলক কার্যক্রম রাখা হয়নি। পুরো কর্মসূচি ধর্মীয় ও সামাজিক পরিসরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

0 Comments