Ticker

6/recent/ticker-posts

বিশ্বকাপ থেকে বাদ পড়ার খবর গুজব

আইসিসির কোনো বাধ্যবাধকতা নেই, ভারতে না গেলে বিশ্বকাপ থেকে বাদ পড়ার খবর গুজব: বিসিবি সভাপতি বুলবুল
ডেস্ক রিপোর্ট | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

আসন্ন বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশ ক্রিকেট দলকে অবশ্যই ভারতে যেতে হবে—আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এমন কোনো নির্দেশ বা বাধ্যবাধকতা দেয়নি বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বুধবার (৭ জানুয়ারি) সকালে এক সাক্ষাৎকারে তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর প্রকাশিত একটি প্রতিবেদনকে ভিত্তিহীন ও মিথ্যা দাবি করে বলেন, আইসিসি কখনোই বিসিবিকে জানায়নি যে ভারতে না গেলে বাংলাদেশের পয়েন্ট কাটা হবে বা দলকে ওয়াকওভার দিতে বাধ্য করা হবে।

বিসিবি সভাপতি বলেন, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আইসিসির একাধিক কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। তবে এখনো পর্যন্ত বাংলাদেশ দলের অংশগ্রহণ বা ভেন্যু সংক্রান্ত বিষয়ে আইসিসির পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরগুলো সম্পূর্ণ গুজব।

মূলত মধ্যরাতে ক্রিকইনফোর একটি প্রতিবেদনের পর বিষয়টি নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, বাংলাদেশের আপত্তি আইসিসি প্রত্যাখ্যান করেছে এবং বিশ্বকাপে খেলতে হলে ভারতকেই ভেন্যু হিসেবে মেনে নিতে হবে। তবে বিসিবির একাধিক পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, আইসিসির পক্ষ থেকে এ ধরনের কোনো আনুষ্ঠানিক বার্তা তারা পাননি।

এ প্রসঙ্গে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে কেন আমরা ভারতে যেতে অনিচ্ছুক। আমরা আগেই ইমেইলের মাধ্যমে জানিয়েছি যে আমাদের প্রধান উদ্বেগ খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে। গতকাল রাতেও আইসিসি আমাদের কাছে সেই নিরাপত্তাজনিত উদ্বেগের একটি বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে।’

তিনি আরও জানান, ভারতের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেটাররা কেন নিরাপদ নন এবং বিসিবির উদ্বেগের সুনির্দিষ্ট কারণগুলো কী—সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ ব্যাখ্যা খুব শিগগিরই আইসিসির কাছে পাঠানো হবে। ওই ব্যাখ্যার ভিত্তিতেই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা পরবর্তী সিদ্ধান্ত নেবে।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করাই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। আইসিসির সঙ্গে আলোচনা চলমান থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিভ্রান্তিকর ও অনানুষ্ঠানিক খবরে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছে বিসিবি।

Post a Comment

0 Comments

×
×