মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল শুরু আজ
ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রম শুরু হয়েছে আজ সোমবার (৫ জানুয়ারি)। এই আপিল প্রক্রিয়া চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ও অবৈধ ঘোষিত প্রার্থীদের বিষয়ে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল দায়ের করতে পারবেন। এ লক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে বিশেষ আপিল কেন্দ্র স্থাপন করা হয়েছে।
আপিল গ্রহণের জন্য অঞ্চলভিত্তিক মোট ১০টি বুথ চালু করা হয়েছে। খুলনা অঞ্চলের জন্য বুথ নং-১, রাজশাহী অঞ্চলের জন্য বুথ নং-২, রংপুর অঞ্চলের জন্য বুথ নং-৩, চট্টগ্রাম অঞ্চলের জন্য বুথ নং-৪, কুমিল্লা অঞ্চলের জন্য বুথ নং-৫, সিলেট অঞ্চলের জন্য বুথ নং-৬, ঢাকা অঞ্চলের জন্য বুথ নং-৭, ময়মনসিংহ অঞ্চলের জন্য বুথ নং-৮, বরিশাল অঞ্চলের জন্য বুথ নং-৯ এবং ফরিদপুর অঞ্চলের জন্য বুথ নং-১০ নির্ধারণ করা হয়েছে। প্রতিটি বুথে সংশ্লিষ্ট অঞ্চলের অন্তর্ভুক্ত জেলার প্রার্থীরা আপিল আবেদন জমা দিতে পারবেন।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী, সারাদেশের ৩০০ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ৩ হাজার ৪০৬টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। দাখিল করা মনোনয়নপত্রের সংখ্যা ছিল ২ হাজার ৫৬৮টি। এর মধ্যে বৈধ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৮৪২ জন এবং বাতিল হয়েছে ৭২৩টি মনোনয়নপত্র।
পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে ঢাকা অঞ্চলে, মোট ১৩৩টি। আর সবচেয়ে কম বাতিল হয়েছে বরিশাল অঞ্চলে, যেখানে বাতিলের সংখ্যা ৩১টি।
নির্বাচনি তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

0 Comments