Ticker

6/recent/ticker-posts

খুলনায় সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি

খুলনায় সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, তিন দিনে সিলিন্ডারপ্রতি বেড়েছে ২০০ টাকা
খুলনা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

সরকার নতুন করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম না বাড়ালেও খুলনায় নির্ধারিত মূল্যে মিলছে না এই নিত্যপ্রয়োজনীয় পণ্য। নগরীর বিভিন্ন এলাকায় একেক দোকানে একেক দামে এলপিজি বিক্রি হচ্ছে। গত তিন দিনের ব্যবধানে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সর্বশেষ গত ২ ডিসেম্বর এলপিজির দাম সমন্বয় করে। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়। নতুন বছরের জন্য আগামীকাল ৪ জানুয়ারি এলপিজির দাম ঘোষণা করা হবে বলে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিইআরসি।

তবে বাস্তবে সেই নির্ধারিত দামে গ্যাস মিলছে না বলে অভিযোগ করছেন ভোক্তারা। খুচরা বিক্রেতা অনুপম গ্যাস চুলা সেন্টারের পরিচালক তোবারেক হোসেন বলেন, ইউরোপজুড়ে অতিরিক্ত শীতের কারণে আন্তর্জাতিক বাজারে গ্যাসের সরবরাহ কমে গেছে। এর প্রভাব স্থানীয় বাজারেও পড়েছে। তিন দিন আগে বসুন্ধরা ও ওমেরা কোম্পানির ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ২৫০ টাকায় বিক্রি করলেও এখন তা ১ হাজার ৪৫০ টাকায় বিক্রি করতে হচ্ছে। অন্য কোম্পানির সিলিন্ডার, যা আগে ১ হাজার ১৫০ টাকায় বিক্রি হতো, এখন ১ হাজার ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সরেজমিনে নগরীর আসাদ স্টোর, জুয়েল এন্টারপ্রাইজ ও ইক্করা এন্টারপ্রাইজ ঘুরে দেখা যায়, ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৩৫০ থেকে ১ হাজার ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ অবস্থায় চাপে পড়েছেন সাধারণ ভোক্তারা। বেসরকারি চাকরিজীবী রফিকুল ইসলাম বলেন, সীমিত আয়ে সংসার চালানোই কষ্টকর। তার ওপর এভাবে হঠাৎ করে ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়ালে ধারদেনা করা ছাড়া উপায় থাকে না। শ্রমিক চন্দন রায় বলেন, তীব্র শীতে কাজ কমে গেছে, তার মধ্যে গ্যাসসহ নিত্যপণ্যের দাম বাড়লে পরিবার নিয়ে চরম বিপদে পড়তে হয়।

অন্যদিকে ব্যবসায়ীরা সংকটের জন্য মজুদদারিকে দায়ী করছেন। দোলখোলা ইসলামপুর মোড়ের ব্যবসায়ী আনিছ বলেন, নতুন বছরে গ্যাসের দাম বাড়তে পারে—এমন খবরে বড় ব্যবসায়ীরা আগেই গ্যাস মজুদ করে রেখেছেন। ফলে গত দুদিন ধরে নগরীতে তীব্র সংকট দেখা দিয়েছে। কোনো কোম্পানির গ্যাসই পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না। কৃত্রিম সংকটের কারণেই মূলত দাম বেড়ে গেছে বলে তিনি দাবি করেন।

Post a Comment

0 Comments

×
×