ডেস্ক রিপোর্ট | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে আটক হয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী। তাদের একটি মার্কিন যুদ্ধজাহাজে রাখা হয়েছে এবং নিউইয়র্কে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মাদুরো ও তার স্ত্রী বর্তমানে ইউএসএস ইও জিমা নামের যুদ্ধজাহাজে অবস্থান করছেন। তিনি জানান, হেলিকপ্টারে করে তাদের প্রথমে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে সরিয়ে নেওয়া হয় এবং পরে জাহাজে তোলা হয়। ট্রাম্পের ভাষায়, “তারা হেলিকপ্টারে খুব ভালো একটি ফ্লাইটে করে গেছেন।”
ট্রাম্প আরও দাবি করেন, মাদুরো ও তার স্ত্রী বহু মানুষের হত্যার জন্য দায়ী। এ কারণে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নিয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেন, ভেনেজুয়েলায় সামরিক অভিযানের আগে মাদুরোকে একটি সুযোগ দেওয়ার কথা বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
কী ধরনের সুযোগ দেওয়া হয়েছিল—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি মাদুরোকে ক্ষমতা ছেড়ে আত্মসমর্পণ করার প্রস্তাব দিয়েছিলেন। ট্রাম্পের দাবি, এক সপ্তাহ আগে তিনি নিজেই মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেন এবং একই বার্তা দেন।
শনিবার মধ্যরাতে আকস্মিক সামরিক অভিযানের মাধ্যমে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে মার্কিন সেনারা। এরপর তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়। ফক্স নিউজের বরাতে এ তথ্য জানা গেছে।

0 Comments