ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল শুনানি শেষে শনিবার এ সিদ্ধান্ত দেওয়া হয়।
গত সোমবার নির্বাচন কমিশনে মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন তাসনিম জারা। শনিবার সকালে শুরু হওয়া শুনানিতে কমিশন তাঁর আপিল মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আপিল শুনানিতে উত্থাপিত তথ্য ও কাগজপত্র পর্যালোচনা করে কমিশন মনোনয়ন বাতিলের আগের সিদ্ধান্ত প্রত্যাহার করে। এর ফলে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা থাকল না।
প্রার্থিতা বৈধ ঘোষণার পর নির্বাচন কমিশন প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসনিম জারা। তিনি বলেন, নির্বাচন কমিশনে তাঁদের করা আপিল মঞ্জুর হয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, গত এক সপ্তাহ ছিল তাঁর জন্য ভিন্ন অভিজ্ঞতার। দেশে ও বিদেশে অনেক মানুষ তাঁর পাশে দাঁড়িয়েছেন, শুভকামনা ও দোয়া করেছেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে অনেকের হতাশা ও কষ্টের কথাও শুনেছেন বলে জানান তিনি।
এই প্রক্রিয়ায় যাঁরা তাঁর পাশে ছিলেন এবং লড়াইয়ে সম্পৃক্ত ছিলেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানান তাসনিম জারা। তিনি বলেন, মানুষের এই সমর্থন তাঁকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দিচ্ছে।

0 Comments