চট্টগ্রাম প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
চট্টগ্রামে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন একই মা। তাদের মধ্যে দুই ছেলের নাম রাখা হয়েছে শহিদ ওসমান হাদি ও শহিদ আবরার ফাহাদের নামে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার অবস্থানের কারণে নিহত এই দুই তরুণের প্রতি শ্রদ্ধা জানিয়ে সন্তানের এমন নামকরণ করেছেন বাবা ওয়াহিদুল হক সুমন।
চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা শেষে মঙ্গলবার (১৩ জানুয়ারি) পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফেরেন বাবা-মা। তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। চিকিৎসকদের তত্ত্বাবধানে কয়েক দিন থাকার পর বর্তমানে পাঁচ শিশুই সুস্থ রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
বুধবার (১৪ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নবজাতকদের বাবা ওয়াহিদুল হক সুমন। তিনি জানান, তাদের পাঁচ সন্তানের মধ্যে দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। বড় ছেলের নাম রাখা হয়েছে শরীফ ওসমান হাদি এবং ছোট ছেলের নাম আবরার ফাহাদ। তিনি বলেন, শহিদ ওসমান হাদি ও আবরার ফাহাদ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে নিহত হয়েছেন। তাদের আদর্শ ও আত্মত্যাগের প্রতি সম্মান জানাতেই এই নামকরণ।
ওয়াহিদুল হক সুমন আরও বলেন, “আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আমি চাই আমার সন্তানরা ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়াক। বিশেষ করে আমার ছেলেকে ওসমান হাদির মতো আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।”
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর নিঃসন্তান থাকার পর গত ৮ জানুয়ারি ওয়াহিদুল হক সুমন ও এনি আক্তার দম্পতির ঘরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম হয়। জন্মের পর নবজাতকদের অবস্থা কিছুটা সংকটাপন্ন হলেও সময়মতো চিকিৎসা ও নিবিড় পরিচর্যার ফলে তারা সুস্থ হয়ে ওঠে।
স্থানীয়ভাবে এই ব্যতিক্রমী জন্ম এবং শহিদদের নামে সন্তানদের নামকরণ নিয়ে ব্যাপক আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।

0 Comments