Ticker

6/recent/ticker-posts

প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে ভাঙচুর-অগ্নিসংযোগ

কারওয়ান বাজারে ভয়াল রাত: প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে ভাঙচুর-অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিনিধি

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ভবনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর উত্তেজিত জনতা এই হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার পর কয়েকশ বিক্ষোভকারী কারওয়ান বাজারের সিএ ভবনে অবস্থিত প্রথম আলো কার্যালয়ের সামনে জড়ো হয়। একপর্যায়ে তারা ভবনের মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে। ভবনের বিভিন্ন তলায় প্রবেশ করে অফিসের আসবাবপত্র, কম্পিউটার, কাগজপত্র ও অন্যান্য সরঞ্জাম জানালা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। পরে নিচে জড়ো করা এসব সামগ্রীতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এক প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারীরা দ্বিতীয় ও তৃতীয় তলা পর্যন্ত উঠে ব্যাপক তাণ্ডব চালায়। আগুন ও ধোঁয়ায় পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।

একই সময়ে পাশের ডেইলি স্টার সেন্টারেও হামলা চালানো হয়। বিক্ষুব্ধ জনতা ভবনটির কাচ ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র ও নথিপত্র বের করে ভবনের সামনে অগ্নিসংযোগ করে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় পুরো কারওয়ান বাজার এলাকা অন্ধকার ও আতঙ্কে ঢেকে যায়।

ঘটনার বিষয়ে তেজগাঁও বিভাগের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস কাজ করেছে। এই হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।”

ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, “দুইটি ভবনের সামনে ও ভেতরে একাধিক স্থানে আগুন দেওয়া হয়েছিল। সময়মতো পৌঁছাতে পারায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।”

প্রথম আলো কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই হামলাকে স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন আঘাত উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে দ্য ডেইলি স্টার কর্তৃপক্ষও।

এদিকে মানবাধিকারকর্মী ও সাংবাদিক নেতারা পৃথক প্রতিক্রিয়ায় বলেন, সংবাদমাধ্যমে হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Post a Comment

0 Comments

×
×