Ticker

6/recent/ticker-posts

১৭ বছর পর স্বদেশে প্রত্যাবর্তন: বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকায় নামবেন তারেক রহমান

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছাবেন
বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
১৭ বছর প্রবাসজীবন শেষে স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে লন্ডন ছেড়ে আসে। নির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটির অবতরণের কথা রয়েছে।

ফেরার আগে বুধবার সন্ধ্যায় স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডনের নিজ বাসভবন ত্যাগ করেন তারেক রহমান। স্থানীয় সময় রাত সোয়া ১০টার দিকে তারা হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকেই দেশে ফেরার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

বিজ্ঞাপন

তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। বুধবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিন দিনের কর্মসূচি তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, বৃহস্পতিবার বিমানবন্দরে অবতরণের পর দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। সেখান থেকে তিনি জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে ৩০০ ফিট এলাকায় নির্ধারিত সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন। পরে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং সেখান থেকে গুলশান-২ এর বাসভবনে ফিরবেন।

বিজ্ঞাপন

পরদিন শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত একটি আনুষ্ঠানিক কাজ সম্পন্ন করবেন তিনি। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহিদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করার কর্মসূচিও রয়েছে।

উল্লেখ্য, ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। দীর্ঘ সময় প্রবাসে অবস্থান করলেও বিভিন্ন সময়ে তার স্ত্রী দেশে এলেও তারেক রহমানের ফেরা সম্ভব হয়নি। অবশেষে দীর্ঘ ১৭ বছর পর তার স্বদেশ প্রত্যাবর্তন ঘটছে।

বিএনএন.....................BNN

Post a Comment

0 Comments

×
×