চট্টগ্রামে ভাড়া বাসা থেকে এপিবিএন সদস্যের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার চক্রেসো কানন আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে এপিবিএন–৯ এর কনস্টেবল নাঈম বিশ্বাসের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে সহকর্মীরা তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাঈমের বয়স ২৫ বছর। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়।
এপিবিএন–৯ এর পুলিশ সুপার দীপকজ্যেতি খীসা জানান, নাঈম তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই বাসায় থাকতেন। সহকর্মীদের বরাতে তিনি বলেন, ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। মৃত্যুর আগে পরিবারের মধ্যে মনোমালিন্য হয়েছিল বলে আশপাশের লোকজন জানিয়েছে।
পুলিশ সুপার বলেন, প্রতিবেশীদের তথ্য ও প্রাথমিক অবস্থান থেকে মনে হচ্ছে নাঈম আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ জানান, সন্ধ্যার পর দাম্পত্য বিষয় নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুনেছেন তারা। পরে সহকর্মীরা এসে দরজা ভেঙে নাঈমকে উদ্ধার করেন।
ঘটনাটি তদন্ত করছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ।

0 Comments