Ticker

6/recent/ticker-posts

রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে দুই বছরের শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গভীর নলকূপের গর্তে আটকিয়ে প্রাণ গেল দুই বছরের সাজিদের


নিজস্ব প্রতিনিধি

রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে দুই বছরের শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে নিখোঁজ হওয়ার পর টানা প্রায় ৩২ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত ইউএনও নাঈমা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে বাঁচাতে সব চেষ্টা করা হলেও তাকে আর ফেরানো সম্ভব হয়নি।

নিহত সাজিদ কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দীনের ছেলে। স্থানীয়রা জানান, বুধবার দুপুরে মাটিতে গেঁথে যাওয়া একটি ট্রলি দেখতে রাকিব দম্পতি তাদের শিশুকে সঙ্গে নিয়ে জমিতে যান। হাঁটাহাঁটির এক পর্যায়ে সাজিদ পরিত্যক্ত নলকূপের সরু গর্তে পড়ে যায়।

শিশুটিকে উদ্ধারে তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা অক্সিজেন সরবরাহের পাশাপাশি এক্সকেভেটর দিয়ে মাটি কাটতে থাকে। বৃহস্পতিবার আটটি ইউনিট তিনটি এক্সকেভেটর দিয়ে ৪০ ফুট পর্যন্ত খনন করেও শিশুটির অবস্থান মিলছিল না।

অভিযানে থাকা এক কর্মকর্তা জানান, গর্ত সরু হওয়ায় সরাসরি নেমে কাজ করা যায়নি। তাই পাশের দিক দিয়ে মাটি কেটে ধীরে ধীরে নিচে নামতে হয়েছে। সময় বেশি লাগায় শিশুটিকে জীবিত পাওয়ার সম্ভাবনা কমে আসে।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, “মাটি খুঁড়তে খুঁড়তে সবাই দমবন্ধ অবস্থায় ছিল। সবাই আশা করছিল অন্তত বেঁচে থাকবে। কিন্তু ভাগ্যটা খারাপ ছিল।”

রাত ৯টার দিকে মাটির ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, সাজিদ আর নেই।

ঘটনাটি স্থানীয়দের মধ্যে শোকের ছায়া ফেলেছে। সংশ্লিষ্টরা বলেন, অব্যবহৃত এমন বিপজ্জনক গর্ত দ্রুত শনাক্ত করে ভরাট না করলে এ ধরনের দুর্ঘটনা থামানো কঠিন হবে।

Post a Comment

0 Comments

×
×