নিজস্ব প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সব প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে বলে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে জানিয়েছে নির্বাচন কমিশন। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ইসির পূর্ণাঙ্গ দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে।
বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। অন্যদিকে সরকার পক্ষ থেকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
সাক্ষাৎকালে সিইসি নাসির উদ্দিন জানান, নির্বাচন পরিচালনার জন্য মাঠপর্যায়ের প্রস্তুতি প্রায় সম্পন্ন এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের জন্য কমিশন পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, “নাগরিকদের অংশগ্রহণে ইতিমধ্যে দেশে নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে, যা আমাদের জন্য ইতিবাচক।”
ইসির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে প্রস্তুতিপর্বে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সহায়তার কথাও উল্লেখ করেন সিইসি।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “সুষ্ঠু নির্বাচন আয়োজনের স্বার্থে সরকারের সহায়তা অব্যাহত থাকবে। জাতির জন্য প্রতীক্ষিত এই নির্বাচনে আপনারাই মূল দায়িত্বে আছেন, আমরা আপনাদের কাজকে সর্বোচ্চ সমর্থন দেব।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতি ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন দেখবে—এই বিশ্বাস নিয়েই আমরা এগোচ্ছি।”
বৈঠকে উপস্থিত একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, নির্বাচন আয়োজনের বিষয়ে প্রধান উপদেষ্টা ও ইসির মধ্যে সমন্বয় “অত্যন্ত ইতিবাচক এবং ফলপ্রসূ”, যা আগামী দিনগুলোতে প্রস্তুতি আরও গতিশীল করবে।
0 Comments