মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’ নির্মাণে ভিত্তিপ্রস্তর, জেলাজুড়ে সতর্কতা
অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙায় একই নামে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে যাতে এলাকায় কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ায় না, সে জন্য রাজ্য সরকারকে সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত বলেছে, শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নিতে হবে।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা মোতায়েন রয়েছে। তার ভাষায়, “পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় আছে।”
ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার জানান, সিআইএসএফের ১৯টি কোম্পানি ইতোমধ্যে মোতায়েন আছে। এছাড়া র্যাফের ইউনিটসহ প্রায় সাড়ে তিন হাজার সদস্য শুক্রবার সন্ধ্যা থেকেই মাঠে কাজ করছে। ১২ নম্বর জাতীয় সড়কের নিরাপত্তায় বিএসএফের দুই কোম্পানিও প্রস্তুত রাখা হয়েছে।
এলাকার এক দোকানদার সাইফুল ইসলাম বলেন, “অস্বাভাবিক কিছু দেখিনি, তবে নিরাপত্তা বাড়ায় সবাই একটু সজাগ আছে।”
রেজিনগরের এক প্রশাসনিক কর্মকর্তা জানান, “যে কোনো ধরনের উসকানি ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

0 Comments