নিজস্ব প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে রোববার সকালেই বসছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল ১০টায় আগারগাঁওয়ের সভাকক্ষে এ বৈঠক হবে। নির্বাচন সংশ্লিষ্ট নীতিমালা, তফসিলের আগের ও পরের কার্যক্রম, মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়সহ সার্বিক প্রস্তুতির সাম্প্রতিক অগ্রগতি সেখানে আলোচনায় আসবে।
কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, মাঠপর্যায়ের রিপোর্ট এবং মক ভোটের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে তফসিল পরবর্তী কেন্দ্র ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। তিনি বলেন, “মাঠ থেকে যে পর্যবেক্ষণ এসেছে তা কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। রোববারের বৈঠকেই কিছু নীতিগত সিদ্ধান্ত হতে পারে।”
এ ছাড়া রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সংশোধনের প্রক্রিয়া পর্যালোচনা, এসওপি নির্ধারণ এবং গণভোট আয়োজনের প্রস্তুতি সম্পর্কেও আলোচনা হবে। ইসির আরেক কর্মকর্তা জানান, “ভোটার তালিকা ও এনআইডি সেবার কিছু প্রযুক্তিগত দিক আপডেট দরকার। এগুলো নিয়েও কমিশন দিকনির্দেশনা দেবে।”
বৈঠকের আলোচ্যসূচিতে পার্সোনালাইজেশন সেন্টারের নয়টি মেশিন বিএমটিএফ থেকে আইডিইও প্রকল্পে হস্তান্তর, স্থগিত বিল নিষ্পত্তি এবং অতিরিক্ত স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন বিল পরিশোধের বিষয়ও রয়েছে। সংশ্লিষ্ট বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “স্মার্ট কার্ড সংক্রান্ত আর্থিক বিষয়গুলো অনেক দিন ধরে ঝুলে আছে। এই সভায় এগুলো নিষ্পত্তির পথে অগ্রগতি আশা করছি।”
নির্বাচন কমিশন ইতোমধ্যে জানিয়েছে, চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে। যদিও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে তফসিল ঘোষণায় সময় নিতে অনুরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্যদিকে বিএনপি ও জামায়াত ইসিকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এগিয়ে যেতে বলেছে। রাজনৈতিক উত্তাপের মধ্যেই রোববারের বৈঠককে কমিশনের ভেতরের কর্মকর্তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন।

0 Comments