বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট মহাসড়কে বৃহস্পতিবার সকাল থেকেই বিপুল জনসমাগম লক্ষ্য করা গেছে। দুপুরে অনুষ্ঠিতব্য সংবর্ধনা সমাবেশকে কেন্দ্র করে ভোরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো এলাকা।
দীর্ঘ ১৭ বছর পর নির্বাসিত জীবন শেষে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল প্রবল উদ্দীপনা। শীত উপেক্ষা করে বুধবার দিবাগত রাত থেকেই অনেক নেতাকর্মী সংবর্ধনাস্থলে অবস্থান নেন। কেউ কেউ সেখানেই রাত কাটান, আবার অনেকে খুব ভোরে রাজধানী ও আশপাশের এলাকা থেকে যাত্রা শুরু করেন।
রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল নামে পূর্বাচলে। সকাল সাতটার দিকেই সমাবেশস্থলে তিল ধারণের জায়গা ছিল না। চারদিক মুখরিত হয়ে ওঠে স্লোগান ও মিছিলে, ভিড়ের উত্তাপে শীতের আমেজও অনেকটাই কমে যায়।
সমাবেশস্থলে কথা হয় রাজধানীর ডেমরা থেকে আসা ছাত্রদল নেতা রাকিব সিকদারের সঙ্গে। সোনারগাঁ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব জানান, তিনি রাতে আত্মীয়ের বাসায় ছিলেন। ফজরের আজানের সময় বের হয়ে কয়েকজন সহকর্মীকে সঙ্গে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় নীলা মার্কেট হয়ে সংবর্ধনাস্থলে পৌঁছান। সেখানে এসে দেখেন, পূর্বাচলের ৩০০ ফিট সড়ক ইতোমধ্যেই বিপুল জনসমাগমে ভরে গেছে।
নেতাকর্মীরা জানান, তারেক রহমানের প্রত্যাবর্তনকে তারা দলের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন। এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনায় অংশ নিতে সকাল থেকেই জনস্রোত অব্যাহত রয়েছে।
বিএনএন.....................BNN

0 Comments