Ticker

6/recent/ticker-posts

১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরছেন তারেক রহমান, ২৫ ডিসেম্বর ঘিরে বিএনপির মহাসমাবেশ

১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরছেন তারেক রহমান, ২৫ ডিসেম্বর ঘিরে বিএনপির মহাসমাবেশ
নিজস্ব প্রতিনিধি
দীর্ঘ ১৭ বছরের লন্ডনবাস শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন তিনি। সফরে তার সঙ্গে থাকবেন মেয়ে জাইমা রহমান। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, ওইদিন বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিমানবন্দর থেকে বেরিয়ে তাকে স্বাগত জানাতে রাজধানীর খিলক্ষেত থানাধীন তিনশ ফিট এলাকায় বড় ধরনের জনসমাবেশের আয়োজন করবে বিএনপি।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। বৈঠকে আগত নেতারা বিমানবন্দরের ভেতরে ও আশপাশের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন এবং জনসমাগম নিয়ন্ত্রণে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলা পাভেল এবং দলের প্রধান নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. শামসুল ইসলাম। বৈঠক শেষে রুহুল কবির রিজভী বলেন, “তারেক রহমানের দেশে ফেরা একটি ঐতিহাসিক ঘটনা। জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে যেন এই কর্মসূচি সম্পন্ন হয়, সে বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছি।”

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “নির্ধারিত দিনে যাত্রী চলাচল ও নিরাপত্তা ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় রেখে আমরা দায়িত্ব পালন করব।”

এদিকে বিএনপি চেয়ারপারসনের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ১২ ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, “সবকিছু ঠিক থাকলে ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন। এটি দলের নেতাকর্মীদের জন্য আনন্দের সংবাদ।”

প্রসঙ্গত, ২০০৭ সালের জানুয়ারিতে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে ১৮ মাস কারাবন্দি ছিলেন তারেক রহমান। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি মুক্তি পান এবং একই বছরের ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে যান। দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় পর তার দেশে ফেরাকে বিএনপি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছে।

Post a Comment

0 Comments

×
×