Ticker

6/recent/ticker-posts

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে জুলাই–আগস্টের আন্দোলনে নিহত অজ্ঞাত ১৮২ জনের মরদেহ উত্তোলন আজ

রায়েরবাজারে অজ্ঞাত ১৮২ শহীদের কবর খুলছে আজ


নিজস্ব প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে জুলাই–আগস্টের আন্দোলনে নিহত অজ্ঞাত ১৮২ জনের মরদেহ উত্তোলন আজ রোববার শুরু হচ্ছে। ডিএনএ নমুনা সংগ্রহের মাধ্যমে শহীদদের পরিচয় নির্ণয়ের কাজটি পরিচালনা করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সকালেই কবরস্থানে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ ডা. লুইস ফন্ডেব্রিডার, সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রস্তুত করা হয়েছে অস্থায়ী তাবু, যেখানে মরদেহ উত্তোলনের পর নমুনা সংগ্রহ, পরীক্ষা ও অন্যান্য ফরেনসিক কার্যক্রম চলবে।

সিআইডির ফরেনসিক ইউনিটের এক কর্মকর্তা কণ্ঠশক্তিকে বলেন, “যথাযথ সম্মান বজায় রেখে পুরো প্রক্রিয়া হবে। পরিচয় নিশ্চিতের জন্য আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হচ্ছে।”

গত ২ ডিসেম্বর কবরগুলো পরিদর্শন করেন সিআইডির কর্মকর্তারা। তার আগেই চলতি বছরের ৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পুলিশের আবেদনের ভিত্তিতে মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। আবেদনটি করেছিলেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মাহিদুল ইসলাম। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন বয়সী নারী-পুরুষ নিহত হন। অনেক পরিবারেরই প্রিয়জনের খোঁজ মেলেনি।

কবরস্থান এলাকার দায়িত্বপ্রাপ্ত এক কর্মচারী বলেন, “কয়েক দিন ধরে প্রস্তুতি নিতে হয়েছে। পরিবারগুলো অপেক্ষা করছে, অন্তত পরিচয়টা যেন পাওয়া যায়।”

মরদেহ উত্তোলন ও পরীক্ষার পর আবার নিয়ম মেনে দাফনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Post a Comment

0 Comments

×
×