Ticker

6/recent/ticker-posts

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত পাঠাতে ভারতের সঙ্গে চূড়ান্ত আলোচনায় ঢাকা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত পাঠাতে ভারতের সঙ্গে চূড়ান্ত আলোচনায় ঢাকা



দৈনিক জাতীয় সংবাদ : নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশের আনুষ্ঠানিক চিঠি পৌঁছানোর পরই ভারতের কলকাতায় অবস্থানকারী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অস্বাভাবিকভাবে ‘নিম্নপ্রোফাইলে’ চলে গেছেন বলে জানিয়েছেন সেখানকার একটি দায়িত্বশীল সূত্র। জানা গেছে, চিঠি পাঠানোর দিনই তিনি পূর্বের ঠিকানা ছেড়ে অজানা স্থানে চলে যান। ভারত সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ না থাকলেও তিনি আপাতত সব যোগাযোগ এড়িয়ে চলছেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গেও আর দেখা করছেন না।

ভারতীয় একটি সূত্র দৈনিক জাতীয় সংবাদকে জানায়, কামাল খুব দ্রুতই কলকাতা ছেড়ে অন্য দেশে যেতে পারেন—এমন আশঙ্কার বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইতোমধ্যে অবহিত করেছে দেশের একটি গোয়েন্দা সংস্থা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দৈনিক জাতীয় সংবাদকে বলেন, “আমরা নিশ্চিত হয়েছি যে তিনি ভারত থেকে অন্য দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এখন আমরা ভারতের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় আছি। আশা করছি, পালানোর আগেই ভারত আমাদের অনুরোধকে গুরুত্ব দিয়ে তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে।”

এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও সামাজিক যোগাযোগমাধ্যমে একই আস্থা ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে দণ্ডিত আওয়ামী লীগ নেতৃত্বের বিরুদ্ধে বাংলাদেশের অনুরোধ ভারতের সংশ্লিষ্ট দপ্তর পর্যালোচনা করছে।

শফিকুল আলম দৈনিক জাতীয় সংবাদকে বলেন, “ভারত যেভাবে বিষয়টি গুরুত্বসহকারে দেখছে, তাতে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হতে পারে খুব শিগগিরই। শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে।”

তার বক্তব্যে আরও উল্লেখ করা হয়, ‘ঢাকার কসাই’ নামে পরিচিত কামাল ও জুলাইয়ের সহিংসতায় অভিযুক্ত অন্যান্যদের অবশ্যই দেশের আদালতের মুখোমুখি হতে হবে। ভারতের পক্ষ থেকেও ইতোমধ্যে জানানো হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড-সংবলিত মামলার প্রত্যর্পণ আবেদন তারা পর্যালোচনায় রেখেছে।

সূত্র বলছে, বাংলাদেশ এখন ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষা করছে। দুই দেশের আইনগত প্রক্রিয়া এগিয়ে গেলে কামালকে শিগগিরই দেশে ফেরত পাঠানো হতে পারে।

Post a Comment

0 Comments

×
×