দিল্লির অভিযানে ২০২৫ সালে ২২০০ জনকে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে ফেরত পাঠানো

বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
ভারতের রাজধানী দিল্লিতে অভ্যন্তরীণ নিরাপত্তার নামে চলতি ২০২৫ সালে রেকর্ড সংখ্যক মানুষকে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে পাঠিয়েছে দিল্লি পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর প্রায় ২ হাজার ২০০ জনকে এভাবে ফেরত পাঠানো হয়েছে, যা আগের বছরগুলোর তুলনায় নজিরবিহীন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালে ১৪ জন এবং ২০২৩ সালে মাত্র ৫ জনকে ফেরত পাঠানো হয়েছিল। হঠাৎ করে এক বছরে এই সংখ্যা কয়েক হাজারে পৌঁছানোয় বিষয়টি নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে, এই তৎপরতার পেছনে প্রশাসনিক কঠোরতার পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্যের ইঙ্গিত রয়েছে।

দিল্লি পুলিশের দাবি, ফেরত পাঠানো ব্যক্তিরা জাল আধার কার্ড ও ভোটার আইডি ব্যবহার করে দিল্লিতে বসবাস করছিলেন। তবে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ভারতের বিভিন্ন রাজ্যের বাংলাভাষী মুসলিম নাগরিকদের যথাযথ যাচাই ছাড়াই বাংলাদেশি আখ্যা দিয়ে সীমান্ত পার করে দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের বীরভূমের সোনালী খাতুন ও আসামের সকিনা বিবির ঘটনাগুলো এই অভিযানের বিতর্কিত দিক তুলে ধরেছে। বৈধ নাগরিকত্বের প্রমাণ থাকা সত্ত্বেও তাদের বাংলাদেশে পাঠানো হয়, যা পরে আদালতের আদেশে ভুল প্রমাণিত হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিএনএন.....................BNN