খুলনা প্রতিনিধি | (BNN)
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর উপাচার্য (ভিসি) হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে প্রায় এক বছর আগে পদচ্যুত হওয়ার পর তার এই পুনঃনিয়োগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পুনরায় কুয়েটের ভিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
এর আগে, অধ্যাপক মাছুদের প্রথম মেয়াদকালে ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও বহিরাগত বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হন, যা বিশ্ববিদ্যালয়জুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি করে।
সংঘর্ষের পর শিক্ষার্থীরা নিরাপত্তা দিতে ব্যর্থতা এবং ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুনর্বহালের অভিযোগ তুলে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে। আন্দোলন চলাকালে উপাচার্যের ওপর হামলার ঘটনাও ঘটে বলে অভিযোগ ওঠে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ২৬ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং প্রো-ভিসি অধ্যাপক ড. শরীফুল আলমকে তাদের পদ থেকে অব্যাহতি দেয়।
উল্লেখ্য, প্রায় এক বছর পর একই পদে অধ্যাপক মাছুদের পুনঃনিয়োগকে ঘিরে শিক্ষার্থী মহলসহ বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

0 Comments