কয়রা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নে ফেসবুকের একটি মন্তব্যকে কেন্দ্র করে ছাত্রশিবিরের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। ঘটনাটি স্থানীয়ভাবে আলোচনা ও উত্তেজনার সৃষ্টি করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর বেদকাশী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আলাউদ্দিনের সঙ্গে ফেসবুকে একটি মন্তব্যকে কেন্দ্র করে ছাত্রশিবির কর্মী মোঃ ইসমাইল হোসেনের বাকবিতণ্ডা হয়। ইসমাইল হোসেন উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাথরখালী গ্রামের বাসিন্দা এবং তার পিতা শহিদুল মোল্লাহ।
পরবর্তীতে বিষয়টি নিয়ে কথা বলার জন্য ইসমাইল হোসেনকে স্থানীয় বাজারে ইফতারের পর দেখা করতে বলা হয়। নির্ধারিত সময় অনুযায়ী তিনি সেখানে গেলে আলাউদ্দিনসহ কয়েকজন সহযোগী তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় আহত ইসমাইল হোসেন থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের একটি মন্তব্যকে কেন্দ্র করে এমন সহিংস ঘটনা অনাকাঙ্ক্ষিত। তারা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

0 Comments