২০ মার্চ অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতর পালনের ঘোষণা
ডেস্ক রিপোর্ট | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
অস্ট্রেলিয়ায় আগামী ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল। জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য ও চাঁদ দেখার সম্ভাবনা বিশ্লেষণের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল বিভিন্ন জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র এবং চাঁদ দেখার দায়িত্বপ্রাপ্ত বিশেষায়িত বৈজ্ঞানিক সংস্থাগুলোর তথ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এসব সংস্থা অস্ট্রেলিয়া ও বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন বাঁকা চাঁদ বা হিলাল পর্যবেক্ষণের তথ্য সংগ্রহ করে থাকে।
ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের ১৯ মার্চ বৃহস্পতিবার পবিত্র রমজান মাসের শেষ দিন হবে এবং পরদিন ২০ মার্চ শুক্রবার অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতর উদযাপিত হবে।
বিবৃতিতে আরও বলা হয়, সূর্যাস্তের আগে নির্দিষ্ট জ্যোতির্বৈজ্ঞানিক গণনার মাধ্যমে চাঁদের জন্ম, সূর্যাস্তের পর আকাশে তার অবস্থানের সময়কাল এবং অস্ট্রেলিয়া ও পার্শ্ববর্তী অঞ্চলে তা দৃশ্যমান হওয়ার সম্ভাবনা বিবেচনা করেই ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এই পদ্ধতি অনুসরণ করে অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ও অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল প্রতি বছর রমজানের শুরু ও শেষ, শাওয়াল মাসের সূচনা এবং ঈদুল ফিতরের দিন নির্ধারণ করে থাকে। বিবৃতিতে উল্লেখ করা হয়, বিশ্বের বিভিন্ন স্বীকৃত বৈজ্ঞানিক ও ফিকহভিত্তিক পরিষদ এবং ইসলামি সংস্থাও একই ধরনের মানদণ্ড অনুসরণ করে।
এদিকে বাংলাদেশে ঈদুল ফিতরের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারণ করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়।
বিশ্বজুড়ে মুসলমানরা গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন করেন। এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব পালন করা হয়। চলতি বছর রমজানের প্রথম রোজা শুরু হয়েছিল গত ১৯ ফেব্রুয়ারি। ইসলামি মাস সাধারণত ২৯ বা ৩০ দিনের হয় এবং এর শুরু ও শেষ নির্ধারিত হয় চাঁদ দেখার ওপর।
চাঁদের গতির ওপর ভিত্তি করে নির্ধারিত ইসলামি ক্যালেন্ডারের ১২ মাসের মধ্যে রমজান নবম মাস। চন্দ্রবর্ষ গ্রেগরিয়ান বছরের তুলনায় প্রায় ১০ দিন ছোট হওয়ায় রমজানের সময় প্রতিবছর কিছুটা এগিয়ে আসে।
সূত্র: খালিজ টাইমস
.jpeg)
0 Comments