ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক বিরোধপূর্ণ পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনা ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বিশেষ করে ওই অঞ্চলে অবস্থানরত ও কর্মসংস্থানের উদ্দেশ্যে গমনেচ্ছু বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও যাতায়াত বিঘ্নিত হওয়ায় সরকার কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে সেখানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। আকাশপথ ও আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় কর্মসংস্থানের উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যে গমনরত অনেক বাংলাদেশি যাত্রী বিভিন্ন দেশে আটকে পড়েছেন। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে অনুরোধ জানানো হয়েছে, যাতে পরিস্থিতির উন্নতি ঘটলে গমনেচ্ছু ও আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের প্রবেশের অনুমতি প্রদান করা হয়। ইতোমধ্যে কয়েকটি দেশ ইতিবাচক আশ্বাস দিয়েছে বলে জানানো হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থানরত কর্মীদের প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হচ্ছে, যাতে উদ্ভূত সংকট ও উদ্বেগ দ্রুত নিরসন করা যায়।
ইরানে অবস্থানরত বাংলাদেশ মিশনের স্থাপনা, কূটনীতিক ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সুরক্ষায় প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা হচ্ছে।
বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যে আলোচনা প্রক্রিয়ার ব্যর্থতা এবং সাম্প্রতিক বিরোধ তীব্রতর হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, সংঘাত কখনও স্থায়ী সমাধান বয়ে আনে না; সংলাপ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতির মাধ্যমেই টেকসই ও শান্তিপূর্ণ সমাধান সম্ভব।
সরকার সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, উত্তেজনা পরিহার এবং অবিলম্বে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও শান্তি পুনঃপ্রতিষ্ঠা ও সংলাপের অনুকূল পরিবেশ সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
এদিন সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র সচিব মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি বৈঠকে মিলিত হন। বৈঠকে তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানের সঙ্গেও টেলিফোনে আলোচনা করা হয় এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়।

0 Comments