Ticker

6/recent/ticker-posts

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে জিম্মি ৬ জেলে উদ্ধার, পালালো ‘নানা ভাই বাহিনী’

ডেস্ক রিপোর্ট |  (BNN)

সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ‘নানা ভাই বাহিনী’র হাতে জিম্মি থাকা ৬ জেলেকে উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধার হওয়া জেলেদের মধ্যে রয়েছেন খুলনার কয়রা উপজেলার রফিকুল (৩০), আলামিন (২৬) ও ইসমাইল শানা (২৪) এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজান আলী (৩৬), রেজওয়ান (২২) ও মিয়া রাজ (১৮)।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত শনিবার (৭ মার্চ) মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে গেলে ‘নানা ভাই বাহিনী’র সদস্যরা ওই ৬ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাদের জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন চালানো হচ্ছিল।

এ ঘটনায় জিম্মিদের একজনের স্বজন মো. কবির কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-তে যোগাযোগ করে বিষয়টি জানান। তথ্য পাওয়ার পর গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযানের প্রস্তুতি নেয় কোস্ট গার্ড।

পরবর্তীতে মঙ্গলবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক শিবসা নদীর কালির খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে জিম্মি থাকা ৬ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়।

তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

Post a Comment

0 Comments

×
×