আনোয়ারায় এক রাতে দুই পরিবারের ৩ গরু চুরি, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা
চট্টগ্রাম প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক রাতে দুই পরিবারের তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বারশত ইউনিয়নের মিন্নত আলী দোভাষীর হাট এলাকার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা কামলা উদ্দিন ও একই এলাকার মোহাম্মদ আইয়ুবের গোয়ালঘর থেকে গরুগুলো চুরি হয়।

ক্ষতিগ্রস্ত কামলা উদ্দিনের ছেলে মোহাম্মদ ফোরকান জানান, রাতের খাবার শেষে প্রতিদিনের মতো গোয়ালঘরে তালা দিয়ে ঘুমাতে যান তিনি। ভোরের দিকে পাশের বাড়িতে একটি গরু চুরির খবর পেয়ে নিজের গোয়ালঘরে গিয়ে দেখেন দরজার তালা কাটা এবং দরজা ভাঙা অবস্থায় রয়েছে। পরে দুটি গরু না পেয়ে তিনি নিশ্চিত হন সেগুলো চুরি হয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা দ্রুত চোরচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।