খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুইজন নিহত, চারজন আহত
খুলনা প্রতিনিধি

খুলনায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল ও ইলিয়াস সরদার নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা–সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত কালিপদ মন্ডল গুটুদিয়া গ্রামের মৃত জুড়ারাম মন্ডলের ছেলে। অপর নিহত ইলিয়াস সরদার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মারা যান। আহতদের মধ্যে রয়েছেন ভ্যান চালক সবুজ মন্ডল, সাহিদ গাজী, গুটুদিয়া মঠের পুরোহিত মৃত্যুঞ্জয় রায় ও আয়শা বেগম।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি মরদেহ নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। দ্রুতগতিতে চলার সময় এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিপরীত লেনে চলে যায় এবং গুটুদিয়াগামী দুইটি যাত্রীবাহী ভ্যানে সজোরে ধাক্কা দেয়।

এতে গুরুতর আহত কালিপদ মন্ডলকে প্রথমে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে তার মৃত্যু হয়। অপর আহত ইলিয়াস সরদার একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চানু বলেন, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।