ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় নির্বাচনী ঐক্য ২৫৩টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। আসন সমঝোতার এই ঘোষণা দেওয়া হয় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে জোটের পক্ষে আসন সমঝোতার ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে শরিক দলগুলোর মধ্যে দীর্ঘ আলোচনার পর এই সমঝোতায় পৌঁছানো হয়েছে।
ঘোষিত সমঝোতা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে প্রার্থী দেবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবে ৩০টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ২টি এবং বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি ২টি আসনে প্রার্থী ঘোষণা করবে।
তবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের জন্য এখনো আসন চূড়ান্ত করা হয়নি। একইভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গেও আসন সমঝোতার বিষয়টি এখনও অনিষ্পন্ন রয়েছে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনের শুরুতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক প্রাথমিক বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১১ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি অলি আহাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব জালালুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানসহ জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা।

0 Comments