চট্টগ্রাম প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচারণায় ককটেল হামলার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়ের সামনে চলমান সমাবেশে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ বক্তব্য দেওয়ার সময় সমাবেশস্থলের কাছাকাছি দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সমাবেশ সাময়িকভাবে বিঘ্নিত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম-৮ আসনটি বোয়ালখালী উপজেলা ও চট্টগ্রাম নগরীর একাংশ নিয়ে গঠিত। এই আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর বিপরীতে ১১ দলীয় জোটের এনসিপি দলীয় প্রার্থী জোবাইরুল ইসলাম আরিফসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই জোটভুক্ত জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. আবু নাছের থাকলেও দলটি আনুষ্ঠানিকভাবে এনসিপিকে সমর্থনের ঘোষণা দেওয়ায় তিনি প্রচারণায় নেই।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও এরশাদ উল্লাহর নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল হক অভিযোগ করে বলেন, সন্ধ্যা প্রায় ছয়টার দিকে প্রার্থী বক্তব্য দেওয়ার সময় কাছাকাছি স্থানে ককটেল নিক্ষেপ করা হয়। তাঁর দাবি, স্থানীয় জামায়াতের কর্মী এরফানের নেতৃত্বে পাঁচ-ছয়জন এ হামলায় জড়িত ছিল। বিএনপির কর্মীরা ধাওয়া দিলে তারা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
এ বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, প্রার্থী নিজেই ফোন করে হামলার বিষয়টি পুলিশকে অবহিত করেছেন। তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগেও গত ৩ নভেম্বর চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার চালিতাতলী এলাকায় এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচারণায় হামলার ঘটনা ঘটে। সে সময় তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা।

0 Comments