Ticker

6/recent/ticker-posts

মুফতি আমির হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতা সোলায়মানের মানহানি মামলা

মুফতি আমির হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতা সোলায়মানের মানহানি মামলা
ডেস্ক রিপোর্ট | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
১৯ জানুয়ারি ২০২৬, ১২:৩০

কুষ্টিয়া: জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে একটি মানহানি মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান চৌধুরী শিহাব কুষ্টিয়া আদালতে এ মামলাটি করেন। 

মামলার এজাহারে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ওয়াজ মাহফিলের ভিডিওতে মুফতি আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করে এবং অবমাননাকর ভাষায় উল্লেখ করেন। একইসঙ্গে খালেদা জিয়ার কারাভোগ নিয়েও তিনি বিদ্রূপমূলক মন্তব্য করেন, যা বাদী অভিযোগে উল্লেখ করেছেন। 

বাদী সোলায়মান চৌধুরী শিহাব বলেন, তিনি গত ১৬ জানুয়ারি বিকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল এলাকায় অবস্থানকালে ওই ভিডিওগুলো লক্ষ্য করেন। মামলায় উল্লেখ করা হয়েছে, অভিযুক্তের বক্তব্যে মরহুম আরাফাত রহমান কোকো, বেগম খালেদা জিয়া ও তাদের পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এসব অভিযোগ দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। মামলায় সমন অথবা গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। 

বাদীর আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১ ফেব্রুয়ারি আদেশের জন্য দিন ধার্য করেছেন। মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। 

Post a Comment

0 Comments

×
×