Ticker

6/recent/ticker-posts

সাকিব আল হাসানকে পরবর্তী সিরিজে বিবেচনার সিদ্ধান্ত বিসিবির, কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবও

সাকিব আল হাসানকে পরবর্তী সিরিজে বিবেচনার সিদ্ধান্ত বিসিবির, কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবও
ডেস্ক রিপোর্ট | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী আন্তর্জাতিক সিরিজগুলোতে খেলার জন্য সাকিব আল হাসানকে বিবেচনায় রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির জরুরি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

তিনি জানান, বোর্ডে বিষয়টি বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাকিব আল হাসানের এভেইলঅ্যাবিলিটি, ফিটনেস ও ম্যাচ ভেন্যুতে উপস্থিত থাকার সক্ষমতা বিবেচনায় রেখে ভবিষ্যতে তাকে জাতীয় দলের নির্বাচনের জন্য সিলেকশন প্যানেল বিবেচনা করবে। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন গ্লোবাল টুর্নামেন্টে অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী বিসিবি এনওসি প্রদান করবে বলেও জানান তিনি।

বিসিবির পক্ষ থেকে সাকিব আল হাসানকে আবারও কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে থাকা মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে বোর্ড।

এ বিষয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, বোর্ডের ক্রিকেট অপারেশনস সংক্রান্ত এজেন্ডার আলোচনার সময় কেন্দ্রীয় চুক্তিভুক্ত খেলোয়াড়দের তালিকা নিয়ে আলোচনা হচ্ছিল। গ্রেড এ, বি ও সি ক্যাটাগরির খেলোয়াড়দের প্রসঙ্গে একজন পরিচালক আলোচনার মাধ্যমে সাকিব আল হাসানকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন।

তিনি আরও জানান, সাকিব আল হাসান নিজে জাতীয় দলে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন এবং এ বিষয়ে বোর্ডের সঙ্গে তার যোগাযোগ হয়েছে। বিষয়টি বিসিবি সভাপতিকে অবহিত করা হয়েছে যাতে সরকারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করা যায়।

আসিফ আকবর বলেন, সাকিবের ব্যক্তিগত আইনি বিষয়গুলো তার নিজস্ব এবং সেগুলো সরকার কীভাবে বিবেচনা করবে, সেটি সরকারের সিদ্ধান্তের বিষয়। তবে বোর্ডের অবস্থান স্পষ্ট বিসিবি সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলে দেখতে চায়।

Post a Comment

0 Comments

×
×